কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়
মো: মিজানুর রহমান চন্দন মৃধা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রদীপ প্রজ্বালন, পূজা-অর্চনা ও নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালসুর শ্মশান মণ্ডপে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে দীপাবলি পূজা উৎসব। সন্ধ্যার পরপরই পূজামণ্ডপ পরিদর্শন করেন চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য ওয়াহিদুল ইসলাম, চিত্রকোট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দীন ইসলাম, সাধারণ সম্পাদক কোরবান আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাব হোসেন, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি সামছুল হক, সরকারি তিতুমীর কলেজের সাবেক ছাত্রনেতা মাসুদ রানা বিপ্লব এবং স্বেচ্ছাসেবক দলের নেতা টুটুল ও ফয়সাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি জয়হরি মল্লিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত ও দর্শনার্থী।
পূজামণ্ডপ পরিদর্শনকালে চিত্রকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন, আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যুগ যুগ ধরে আমরা মিলেমিশে একসঙ্গে বসবাস করে আসছি। যার যার ধর্মীয় উৎসব পালন করবে, এটাই স্বাভাবিক। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব বলে আশা করি। এ সময় তিনি উপস্থিত সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান।
চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, আজ সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এ উৎসব উদযাপিত হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। তিনি সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান।
অন্যদিকে, মন্দির কমিটির সভাপতি জয়হরি মল্লিক আগত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অতিথিদের আগমনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি পূজামণ্ডপে উপস্থিত সকল ভক্ত ও দর্শনার্থীকেও দীপাবলির শুভেচ্ছা জানান।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে উৎসবমুখর পরিবেশে কালসুর শ্মশান মন্দিরে দীপাবলি উদযাপিত হচ্ছে।