কুসুমপুরে মাদকবিরোধী অভিযান: মাদক সেবনের দায়ে কারাদণ্ড
সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে মো. এমদাদ (৩৬) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে কুসুমপুর এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মো. এমদাদ (৩৬), পিতা—শেখ হাসমত আলীকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
পরে মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুম্পা ঘোষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।