
চলন্ত কাভার্ডভ্যান থামিয়ে চালক-হেলপারকে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা; পলাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চলন্ত একটি কাভার্ডভ্যান থামিয়ে চালক ও হেলপারকে জিম্মি করে প্রায় ২৪ লাখ টাকার সয়াবিন তেল লুটের চাঞ্চল্যকর ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্যের সঙ্গে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ছিনতাই হওয়া কাভার্ডভ্যান এবং লুট হওয়া ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ জানায়, গত ৯ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে যশোরের উদ্দেশ্যে ৬৬৫ কার্টনে থাকা ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল বহনকারী একটি কাভার্ডভ্যান রওনা দেয়। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় পৌঁছালে ৭ থেকে ৮ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতদল গাড়িটির গতিরোধ করে। পরে চালক ও হেলপারকে জিম্মি করে সম্পূর্ণ তেলবোঝাই কাভার্ডভ্যানটি ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই মাঠে নামে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযানে নেমে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ছিনতাই হওয়া কাভার্ডভ্যান এবং লুট হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ডাকাতির সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে চলবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
এই সফল অভিযানের মাধ্যমে শুধু বিপুল পরিমাণ মালামালই উদ্ধার হয়নি, বরং সংঘবদ্ধ ডাকাতচক্রের বিরুদ্ধে পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপও আবারও প্রমাণিত হয়েছে।