
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ্ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজসেবক হাজী মোঃ আমির হোসেনের এক বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ্ এলাকার জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের আয়োজক ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আমির হোসেন এমপি শেখ মোহাম্মদ আবদুল্লাহ্কে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সংসদ সদস্যের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এলাকার কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় এমপি শেখ মোহাম্মদ আবদুল্লাহ্ বলেন, "জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের পাশে থেকে একটি সুসংগঠিত ও সমৃদ্ধ এলাকা গঠনে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।"
সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।