
প্রতি শুক্র ও শনিবার জনতার মুখোমুখি এমপি শেখ মো. আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ প্রতি শুক্রবার ও শনিবার সিরাজদিখান উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশনের পাশের তাঁর নিজস্ব এমপি কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে গণশুনানিতে অংশ নিচ্ছেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং তাঁদের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। গণশুনানিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ তাঁদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নাগরিক নানা সমস্যার কথা সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এ সময় শেখ মো. আব্দুল্লাহ মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত গণশুনানি জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগকে আরও শক্তিশালী করছে। এতে সাধারণ মানুষ সহজেই তাঁদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধানের পথও তৈরি হচ্ছে।
গণশুনানি কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। উপস্থিত সাধারণ মানুষ এ উদ্যোগকে জনবান্ধব ও সময়োপযোগী বলে অভিহিত করেন।