
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর: বাংলা সাহিত্য ও সংস্কৃতির চিরন্তন আলোকবর্তিকা
নিজেস্প্রব প্রতিবেদন:
বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বিশ্বমানবতার এক অনন্য নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা, গান, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ ও চিত্রকলাসহ সৃজনশীলতার প্রতিটি ক্ষেত্রে তিনি রেখে গেছেন অসামান্য অবদান। তাঁর সৃষ্টিকর্ম আজও কোটি মানুষের অনুপ্রেরণার উৎস।
১৮৬১ সালের ৭ মে (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দেন।
১৯১৩ সালে কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি'র জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে তিনি প্রথম এশীয় হিসেবে এই সম্মান লাভ করেন। তাঁর রচিত 'আমার সোনার বাংলা' বাংলাদেশের জাতীয় সংগীত এবং 'জন গণ মন' ভারতের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে দেশপ্রেম, মানবতা, প্রেম, প্রকৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গভীর প্রকাশ ঘটেছে। তাঁর লেখনী আজও নতুন প্রজন্মকে মুক্তচিন্তা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়।
বিশ্বকবির প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আজও জ্ঞানচর্চা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। তাঁর সৃষ্টি বাংলা ভাষা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে।
১৯৪১ সালের ৭ আগস্ট তিনি পরলোকগমন করলেও তাঁর সাহিত্য, দর্শন ও সংগীত আজও বাঙালির হৃদয়ে অম্লান। যুগে যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম মানুষকে সত্য, সৌন্দর্য ও মানবতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। তাঁর অমর সৃষ্টি ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরকাল পথপ্রদর্শক হয়ে থাকবে।