বয়রাগাদী কাজি অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, জব্দ অবৈধ ফি আদায়ের রসিদ বহি
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম। মঙ্গলবার (২৫ আগস্ট) এ পরিদর্শনকালে বিভিন্ন নথিপত্র ও ফি আদায়ের রসিদ বহি যাচাই করা হয়।
পরিদর্শনকালে মোহরানা বাবদ আদায়কৃত ফি’র রসিদ বহি, বালাম বহি এবং আইনবহির্ভূতভাবে ছাপানো ফি আদায়ের রসিদ বহি জব্দ করা হয়।
পরিদর্শনে দেখা যায়, সরকার কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফি রসিদ বহির পরিবর্তে নিজস্ব উদ্যোগে ছাপানো রসিদ বহি ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে সহকারী কাজি হিসেবে কর্মরত বেসরকারি কর্মচারীর কার্যক্রম এবং সরকারি রসিদ বহি ব্যবহারের নিয়ম নিয়েও প্রশ্ন ওঠে।
কাজি মো. দেলোয়ার হোসেন চাকলাদারকে নিজস্ব উদ্যোগে ছাপানো রসিদ বহি ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। একই সঙ্গে ২০২৫ সালের জুন মাসের পর থেকে আদায় করা ফি কেন যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি এবং হিসাব হালনাগাদ করা হয়নি—এ বিষয়েও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ প্রতিরোধ, বিবাহ নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং মোহরানা বাবদ আদায়কৃত রাজস্ব যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কাজি অফিসের কার্যক্রমে নিয়ম-শৃঙ্খলা ও সরকারি রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।