
ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভিডিওকলে কথা
আমিনুল ইসলাম লিপু
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। নদীর তীব্র স্রোতে একের পর এক বসতবাড়ি ও আশপাশের স্থাপনা ঝুঁকির মুখে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নদীতীরের বাসিন্দারা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। এ সময় তিনি সরেজমিনে নদীর ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষের সঙ্গে কথা বলেন।
স্থানীয় বাসিন্দারা এমপির কাছে তাদের দুর্ভোগ ও আতঙ্কের কথা তুলে ধরেন। তারা জানান, নদীর তীব্র স্রোতে প্রতিদিনই ভাঙনের মাত্রা বাড়ছে। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও বসতবাড়ি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
ভাঙনের ভয়াবহতা সরাসরি পানিসম্পদ মন্ত্রণালয়ের নজরে আনতে ঘটনাস্থল থেকেই পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে ভিডিওকলে কথা বলেন এমপি শেখ মো. আব্দুল্লাহ। এ সময় ভিডিওকলের মাধ্যমে মন্ত্রীকে ভাঙনকবলিত এলাকা সরাসরি দেখান তিনি। নদীর তীব্র স্রোতে বসতবাড়িগুলো কীভাবে ঝুঁকির মধ্যে পড়েছে, তাও মন্ত্রীকে অবহিত করেন সংসদ সদস্য।
পানিসম্পদ মন্ত্রী ভাঙন পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দ্রুত নদীভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও তিনি আশ্বস্ত করেন।
স্থানীয়রা বলেন, নদীভাঙনের কারণে তাদের অনেকের ঘরবাড়ি এখন চরম ঝুঁকিতে। কখন যে নদীর গর্ভে বসতভিটা বিলীন হয়ে যায়, সেই আতঙ্কে রাত কাটছে তাদের। চোখের সামনে বসতভিটা ও দীর্ঘদিনের স্মৃতি হারানোর আশঙ্কায় অসহায় হয়ে পড়েছেন অনেক পরিবার। তারা দ্রুত স্থায়ী নদীশাসন ও ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এমপি শেখ মো. আব্দুল্লাহ বলেন, নদীভাঙনে মানুষের ঘরবাড়ি ও সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। বিষয়টি পানিসম্পদ মন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরা হয়েছে। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ বিএনপির নেতাকর্মীরা।