মাছ নাকি মাংস, প্রোটিনে কে এগিয়ে? জানুন শরীরের জন্য কোনটি বেশি উপকারী
নিজস্ব প্রতিবেদক :
শরীরের বৃদ্ধি, পেশি গঠন ও ক্ষয়পূরণে প্রোটিনের গুরুত্ব অপরিসীম। প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন না থাকলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। তাই অনেকেরই প্রশ্ন—মাছে বেশি প্রোটিন, নাকি মাংসে?
সাধারণভাবে প্রতি ১০০ গ্রাম খাবারে মাংসে প্রায় ১৯ থেকে ২৫ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যায়। অন্যদিকে অধিকাংশ মাছে প্রায় ১৭ থেকে ২০ গ্রাম প্রোটিন থাকে। তবে মাছের ধরনভেদে প্রোটিনের পরিমাণ পরিবর্তিত হয়। কিছু মাছ, যেমন টুনা মাছে ১০০ গ্রামে প্রায় ২৫ গ্রাম পর্যন্ত প্রোটিন থাকতে পারে।
পুষ্টিবিদদের মতে, শুধু প্রোটিনের পরিমাণ বিবেচনা করলেই হবে না; খাবারের ধরন, চর্বির পরিমাণ এবং অন্যান্য পুষ্টিগুণও বিবেচনায় নেওয়া জরুরি। চর্বিহীন মুরগির মাংস ও গরুর মাংস যেমন ভালো প্রোটিনের উৎস, তেমনি মাছও শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে তৈলাক্ত কিছু মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদ্স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উপকারী।
তাই পেশি গঠন বা শরীর সুস্থ রাখতে মাছ-মাংসের পাশাপাশি ডিম, দুধ, ডালসহ বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা ভালো। একটি খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যময় ও পরিমিত খাদ্যাভ্যাসই হতে পারে সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি।