মাদক-জুয়া ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা
নিজস্ব প্রতিনিধি:
মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেলে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মুন্সীগঞ্জ থানা প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, এটি একটি জাতির ভবিষ্যৎকে বিপন্ন করে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় আইনগত অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা আরও জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। পুলিশ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ একযোগে কাজ করলে মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক মুন্সীগঞ্জ গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম, সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় অংশগ্রহণকারীরা মাদক ও সামাজিক অপরাধমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে পুলিশ প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।