রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও ২০০৩ ব্যাচ
নিজস্ব প্রতিবেদক: রশুনিয়া ইউনিয়নের অহংকার ও রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ডা. সজীব চন্দ্র মন্ডল চিকিৎসা অঙ্গনে রাখছেন অনন্য অবদান। রশুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে এসএসসি সম্পন্ন করা এই কৃতি চিকিৎসক বর্তমানে সার্জিক্যাল অনকোলজি (ক্যান্সার সার্জারি) বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
১৪ বছরেরও বেশি সময়ের ক্লিনিক্যাল অভিজ্ঞতাসম্পন্ন ডা. সজীব একজন দক্ষ জেনারেল, ল্যাপারোস্কোপিক ও ক্যান্সার সার্জন। শিক্ষাজীবনে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জনের পাশাপাশি মর্যাদাপূর্ণ এফসিপিএস (সার্জারি) এবং এমএস (সার্জিক্যাল অনকোলজি) ডিগ্রি লাভ করেন। জটিল ক্যান্সার ও অস্ত্রোপচার চিকিৎসায় তাঁর নিষ্ঠা ও দক্ষতা ইতোমধ্যে রোগমহলে গভীর আস্থা তৈরি করেছে।
ডা. সজীব চন্দ্র মন্ডলের এই সাফল্যে আনন্দিত ও গর্বিত তাঁর রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহপাঠীরা (এসএসসি ২০০৩ ব্যাচ) এবং পুরো রশুনিয়া ইউনিয়নবাসী। বন্ধু মহলের মতে, স্কুলজীবন থেকেই তিনি ছিলেন অমায়িক, পরিশ্রমী ও স্বপ্নবাজ। নিজ এলাকার মাটির সন্তান দেশের চিকিৎসাসেবার এমন উচ্চপর্যায়ে পৌঁছে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন—এটি শুধু বন্ধুদের নয়, সমগ্র অঞ্চলের জন্য এক বিশাল প্রেরণা।
এলাকাবাসী ও সহপাঠীরা ডা. সজীবের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।