রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এডহক কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মিলন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সুষ্ঠু পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ছয় মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে জারি করা এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের কলেজ শাখার নথি নং- কলেজ শাখা/MUNSHIGANJ/111172/2600747-এর মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
বোর্ডের আদেশ অনুযায়ী, এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী মোঃ ওয়াহিদুজ্জামান মিলন। সদস্য সচিব হিসেবে রয়েছেন রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মোঃ মতিউর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে মোঃ জাহাঙ্গীর হোসেনকে মনোনীত করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির সুষ্ঠু পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পত্র ইস্যুর দিন থেকে এডহক কমিটির মেয়াদ ছয় মাস কার্যকর থাকবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবির এ আদেশ জারি করেন। আদেশটি অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
এডহক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।