রাজানগরে অটোরিকশা চুরি: চুরি যাওয়া অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার
সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চুরির ঘটনায় মুন্না হোসেন রাজিব (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে সিরাজদিখান থানার এসআই (নিঃ) মুহাম্মদ আক্কাস আলী সেখ সঙ্গীয় ফোর্সসহ সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ভাড়াড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুন্না হোসেন রাজিবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুন্না হোসেন রাজিব মাদারীপুর জেলার শিবচর থানার পাচ্চর কাঁচা বাজারের পেছনের এলাকার মৃত মালেক হোসেন রাজ্জাক ও মৃত খাদিজার ছেলে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের টংগীবাড়ী থানাধীন বেতকা বাজার এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন বলে জানা গেছে।
পরে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্য ও দেখানো মতে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অটোরিকশা চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার ও চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।