শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম
মোঃ মিজানুর রহমান চন্দন মৃধা
সিরাজদিখান, মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত নতুন অফিস ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও উন্নত পরিবেশে পুলিশি সেবা কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে এ নতুন ভবনের উদ্বোধন করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) ইমরান হোসেন এবং সিরাজদিখান সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনসহ জেলা পুলিশ, সিরাজদিখান থানা ও শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।
উদ্বোধন শেষে পুলিশ সুপার নতুন অফিস ভবনের আঙিনায় একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। সবশেষে ভবনটির সার্বিক কল্যাণ ও সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নতুন এই সম্প্রসারিত ভবন শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পুলিশি সেবা প্রাপ্তি সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আধুনিক অবকাঠামো ও জনবান্ধব পুলিশি সেবার এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করবে।