সিরাজদিখানে অবৈধভাবে জলাশয় ভরাট: ৩ জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিন ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ আগস্ট ২০২৬) পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় তাদের আটক করা হয়। পরে প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. ফজলু (২৮), পিতা—আলিম উদ্দিন; মো. সাইফুল (৩০), পিতা—জামাল খান এবং নুর আফসার (৪৪), পিতা—নুরুল হক।
অভিযানকালে অবৈধভাবে বালু ভরাটে ব্যবহৃত একটি বালুর ট্রাক জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রাকটি বালুসহ পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
অবৈধভাবে জলাশয় ভরাট ও বালু-মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।