সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে মোঃ নান্নু মিয়া ওরফে মোবারক (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে জুয়া খেলার ৫২টি তাস, নগদ ২ হাজার টাকা এবং জুয়া খেলার হিসাব সংরক্ষণের একটি পাতা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার তালতলা বাজারসংলগ্ন গোড়াপীপাড়া এলাকায় তারা মিয়ার তত্ত্বাবধানে থাকা তাঁর বোনের ভিটাজমিতে অভিযান চালায়। এ সময় কাজীরবাগ গ্রামের বাসিন্দা নান্নু মিয়া ওরফে মোবারককে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস, নগদ ২ হাজার টাকা এবং জুয়া খেলার হিসাব সংরক্ষণের একটি পাতা জব্দ করা হয়েছে। ওই পাতায় ‘নান্নু’ নাম লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিয়মিত মামলা করা হয়েছে।
সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।