সিরাজদিখানে ফসলি জমি ভরাটের বিরুদ্ধে অভিযান, বিনষ্ট বালু ভরাটের সরঞ্জাম
নিজেস্ব প্রতিবেদন:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি অবৈধভাবে ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও বালু ভরাটে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রশুনীয়া ইউনিয়নের চোরমর্দন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফসলি জমি ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় বালু ভরাটের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষায় অবৈধভাবে ফসলি জমি ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষি জমি ও পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।