সিরাজদিখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ তিন নেতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ দলের তিন নেতার বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হয়রানিমূলক। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, বিএনপির জনপ্রিয়তা ও সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার লক্ষ্যেই একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেবেন।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান এবং বিএনপির নেতাদের সম্মানহানির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।