সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিস্তার রোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সিরাজদিখান থানার এসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে কেয়াইন ইউনিয়নের শোলপুর এলাকার আশরাফের বাড়ির উঠান থেকে মোঃ ফেরদৌস (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফেরদৌসের পিতার নাম ছারা শেখ এবং মাতার নাম রমেছা বেগম। তার স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার ফকিরহাট থানার পীরজঙ্গল গ্রামে। তিনি বর্তমানে সিরাজদিখান উপজেলার শোলপুর এলাকায় আশরাফের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।