সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোস্তফা ওরফে শান্ত (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সিরাজদিখান থানাধীন চরগুলগুলিয়া এলাকার জিন্নাত আলী জামে মসজিদের উত্তর পাশে চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিস্তার রোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) মোঃ শাহ্ আলী, এএসআই (নিঃ) নায়েব আলীসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে চরগুলগুলিয়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফা ওরফে শান্তকে আটক করেন।
গ্রেপ্তারকৃত মোঃ মোস্তফা ওরফে শান্ত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর (ওয়ার্ড-০৯) এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদক সমাজের যুবসমাজ ও আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে অপরাধ নিয়ন্ত্রণ ও একটি সুস্থ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।