সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন বেপারী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাবুর বাড়ি এলাকার খলিল মিয়ার বাড়ির সামনের পুকুরপাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) রতন বৈরাগী ও তাঁর সঙ্গে থাকা পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় সুমন বেপারীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুমন বেপারী বয়রাগাদী ইউনিয়নের বাবুর বাড়ি এলাকার মৃত কালাচান বেপারী ও মৃত হাকিমুন্নেছার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।