
লোক নাট্যদলের ৪৫ বছর পূর্তি উদযাপন: শিল্পকলায় মঞ্চস্থ হচ্ছে জনপ্রিয় নাটক ‘সুন্দর’
বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী নাট্যসংগঠন লোক নাট্যদল তাদের গৌরবময় ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এ উপলক্ষে দেশের নাট্যদর্শক, সহযাত্রী নাট্যসংগঠন, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী এবং সংস্কৃতিপ্রেমীদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৬ জুলাই ২০২৬ (সোমবার) সন্ধ্যা ৭টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হল-এ। এদিন মঞ্চস্থ হবে লোক নাট্যদলের বহুল প্রশংসিত ও জনপ্রিয় প্রযোজনা ‘সুন্দর’।
বিশিষ্ট নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়-এর রচনায় নির্মিত নাটকটির নির্দেশনায় রয়েছেন কামরুন নূর চৌধুরী।
লোক নাট্যদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের ভালোবাসা ও উপস্থিতিই তাদের সৃষ্টিশীল পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই নাট্যপ্রেমী, শুভানুধ্যায়ী এবং সংস্কৃতিমনা সকলকে এ বিশেষ আয়োজনে উপস্থিত থেকে এক অনবদ্য নাট্য পরিবেশনা উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
৪৫ বছরের গৌরবময় যাত্রাকে স্মরণীয় করে তুলতে আয়োজিত এ অনুষ্ঠান দেশের নাট্যাঙ্গনে উৎসবের আবহ সৃষ্টি করবে বলে প্রত্যাশা আয়োজকদের।