
সিরাজদিখানে দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, ১৩২ মণ্ডপে উৎসবের প্রস্তুতি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা। আনন্দ, ভক্তি আর উৎসবের এই আয়োজন যেন সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সিরাজদিখান থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ।
সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এসআই সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন শেখরনগর তদন্তকেন্দ্রের ইনচার্জ সনজিৎ ঘোষ, মুন্সীগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু দুলাল দাস ও সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, সিরাজদিখান উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল দাস, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক জ্ঞান দীপ ঘোষ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শেখরনগর ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুলসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, প্রশাসন, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব কিংবা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের দেশ। এ দেশের প্রতিটি ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই চেতনাকে ধারণ করে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে হবে। কোনো অপশক্তি যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে।
তাঁরা আরও বলেন, দুর্গোৎসবের আনন্দ যেন প্রতিটি পূজামণ্ডপ থেকে ছড়িয়ে পড়ে মানুষের ঘরে ঘরে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে উৎসবে অংশ নিতে পারেন, সে জন্য পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
সভায় উপস্থিত ব্যক্তিরা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, চলতি বছর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোট ১৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে। বিপুলসংখ্যক পূজামণ্ডপে উৎসব আয়োজনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।