
শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ
মোঃ মিজানুর রহমান মৃধা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
মা ও শিশুর সুস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় সামাজিক আচরণ পরিবর্তন ও যোগাযোগবিষয়ক (SBCC) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শেখরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মা ও শিশুদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে মাতৃকালীন ভাতা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, সচেতনতা এবং সামাজিক আচরণ পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কেও উপস্থিত মা ও শিশুদের সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, শেখরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রমিজ মৃধা, ইউনিয়ন সচিব দেবাশীষ অধিকারী, শহীদুল ইসলাম, আব্দুল আলীম ফাউন্ডেশনের অফিস সহকারী বীথি আক্তার এবং পরিবার কল্যাণ সহকারী সাহারা বেগম।
প্রশিক্ষণকালে মাতৃকালীন ভাতার বিষয়ে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল। তিনি মা ও শিশুর কল্যাণে সরকারি সহায়তা যথাযথভাবে গ্রহণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় যেসব ভাতাভোগী এখনো নিজ নিজ নামে মোবাইল সিমকার্ড নিবন্ধন করেননি, তাদের দ্রুত নিজ নামে সিমকার্ড নিবন্ধনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। একই সঙ্গে ভাতার অর্থ লেনদেনের সুবিধার্থে বিকাশ ও নগদে নিজ নামে অ্যাকাউন্ট নিবন্ধনের জন্যও তাগিদ দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, একজন মায়ের সুস্থতা মানেই একটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ। তাই মাতৃত্বকালীন সময়ে মায়েদের স্বাস্থ্যসেবা গ্রহণ, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শিশুদের যথাযথ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মা ও শিশুর জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।