
বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রীনগরে দোয়া ও আলোচনা সভা
মোঃ মিজানুর রহমান চন্দন মৃধা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা এলাকায় তাঁর নিজ গ্রামের মাদরাসা-মসজিদ প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মরহুম বি. চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মী ও উপস্থিত এলাকাবাসী। এ সময় প্রিয় নেতার স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অধ্যাপক ডা. এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী ছিলেন দেশের একজন বরেণ্য চিকিৎসক, রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, সততা ও মানুষের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, বি. চৌধুরীর মতো একজন আলোকিত মানুষের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম ও আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
আলোচনা সভায় বি. চৌধুরীর বর্ণাঢ্য ও আলোকিত জীবন নিয়ে বক্তব্য দেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা, প্রেসিডিয়াম সদস্য ওয়াশিমুল বারী, আসাদুজ্জামান বাচ্চু, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সাবেক মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম খানসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আবু নোমান, আবদুর রহিম, মোস্তফা সারওয়ার, আমিনুল ইসলাম বুলু, মোঃ শাহ আলম আলমাস, হাজী ইসহাক মাসুদ পারভেজ, ইলিয়াস হোসেন শাওন, গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, সাইফুল ইসলাম মিন্টু, শওকত হাসান মাসুম, শাহিন সুবেল, আল আমিন সরকার, আল মামুন মোল্লা, দুলাল, মোক্তার হোসেন, শাহিন মাতবরসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া মাহফিলে বি. চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর পরিবার-পরিজন, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।