
গৌরনদীতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে একক অভিনয়, হামদ ও নাত পরিবেশনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম।
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, মাহিলাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান এবং গৌরনদী উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাঙ্কন প্রশিক্ষক ফারুখ হোসেন টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মো. রুহোল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো. নূর আলম খান।
চার দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বইপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার প্রয়াস নেওয়া হয়। বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রতিযোগী, বইপ্রেমী ও ক্রেতা-দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পাঠাভ্যাস গড়ে তোলা, নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।