
শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিজানুর রহমান মৃধা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৭’-এর বাছাই প্রতিযোগিতা। রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন খেলার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শেখরনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলা শুরুর আগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শেখরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রমিজ মৃধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তা আম্বিয়া খাতুন, রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়া, শেখরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোহাম্মদ খান বাদল, শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কালাম আজাদ এবং রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মশিউর রহমান।
এ ছাড়া শেখরনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অ্যাথলেটিকস, ফুটবল, কাবাডি, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন, ক্রিকেট ও মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের বাছাই করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রকাশ চন্দ্র সরকার।