
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে কবির শেখ (৪২) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুসুমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
কারাদণ্ডপ্রাপ্ত কবির শেখ কুসুমপুর এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় কবির শেখকে মাদক সেবনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।