
সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন-এর তত্ত্বাবধানে শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব ব্রেজেরহাটি শেখপাড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) নাহিদ মাসুম ও সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে রাজিব মিয়া (৩৩), পিতা-আউয়াল শেখ, সাং-পূর্ব ব্রেজেরহাটি, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।