
সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সঞ্জিত মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান থানাধীন রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে এসআই মো. রাকিবুল ইসলাম, এএসআই মো. শরিফুল ইসলাম, এএসআই কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
অভিযান চলাকালে পূর্ব রশুনিয়া পালপাড়া এলাকার মাধব পালের রান্নাঘরের উত্তর-পশ্চিম পাশের একটি ঝোপ থেকে সঞ্জিত মন্ডলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সঞ্জিত মন্ডল পূর্ব রশুনিয়া পালপাড়া এলাকার মৃত সুধীর মন্ডলের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।