
সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিরাজদিখান থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজদিখান থানাধীন নিমতলা মোড় এলাকায় নিউ আই-ডিয়াল হাসপাতালের পাশে মাসুম টিউবওয়েল অ্যান্ড স্যানেটারি দোকানের সামনের পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সেহেল শেখ (৩৭)। তিনি সিরাজদিখান থানার কুচিয়ামোড়া এলাকার মোঃ ইসরাফিলের ছেলে। অপরজন সুলতান @ লালু (২৫)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার ভগমানপুর এলাকার শুক্কুরের ছেলে।
পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর ভাষ্য, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।
মাদক একটি পরিবারকে যেমন ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, তেমনি একটি সমাজের শান্তি ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতনতাও জরুরি।
সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।