
সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কাউসার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই (নিঃ) মোঃ আক্কাস আলী শেখ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা রাজানগর থেকে নিমতলাগামী সড়কে লাবনী স্টুডিওর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে কাউসারকে আটক করেন।
গ্রেপ্তারকৃত কাউসার উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের মোঃ হাসমতের ছেলে।
পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।