
সিরাজদিখানে ২৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজদিখান থানার এসআই (নিঃ) মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার আলাউদ্দিন মাস্টারের বাড়ির সংলগ্ন তিন রাস্তার মোড়ের পাশে পাকা সড়কে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সর্বমোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নূর আলম (৫০), পিতা-মৃত আঃ রব সরদার, সাং-মোল্লাকান্দি, ইউনিয়ন-বালুচর এবং মোঃ কামাল (৪৫), পিতা-আঃ রব মাঝি, সাং-কাঠসাগড়া, ইউনিয়ন-লতব্দী। উভয়ের থানা সিরাজদিখান, জেলা মুন্সীগঞ্জ।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদকের ভয়াল বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাদকমুক্ত সমাজ গড়তে এমন অভিযান অব্যাহত থাকলে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।