
১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইনসহ সিরাজদিখানে গ্রেপ্তার ৪
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আইডিয়াল মেডিকেল হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
অভিযানে সিরাজদিখান থানার এসআই (নিঃ) মোঃ শাহ্ আলী ও সঙ্গীয় ফোর্স নিমতলা এলাকার আইডিয়াল মেডিকেল হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে অভিযান চালিয়ে চারজনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও সর্বমোট ৬৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার গেন্ডারিয়া থানার সাখারী নগর লেইনের মাহমুদুল হাসান (৪৩), শ্যামপুর থানার পশ্চিম জুরাইনের মোঃ দিনার ভূইয়া ওরফে কাজল (৩৮), গেন্ডারিয়া থানার সতিশ সরকার রোডের মোঃ ফরহাদ হোসেন (৩৮) এবং ফরিদপুরের সালথা থানার আটঘর এলাকার শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজদিখান থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।