
৫০ পিস ইয়াবাসহ সিরাজদিখানে রঘু গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রঘুনাথ ওরফে রঘু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর মনিপাড়া এলাকার কালীমন্দিরের পেছনে, কালীমন্দির থেকে হেলাল মেম্বারের বাড়িগামী ইটের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রঘুনাথ ওরফে রঘু শেখরনগর মনিপাড়া এলাকার মৃত হাফন দাসের ছেলে। তার মায়ের নাম রীতা রানী দাস।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মুহাম্মদ আক্কাস আলী সেখ সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় রঘুনাথের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।