
রশুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে হাজী মোঃ হোসেন ঢালী’র প্রার্থিতা ঘোষণা ও উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ওই ওয়ার্ডে মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ হোসেন ঢালী।
প্রার্থিতা ঘোষণার পর ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে এক মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন তিনি। বৈঠকে ওয়ার্ডের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক, মুরুব্বি ও সাধারণ ভোটাররা দলে দলে অংশ নেন।
উঠান বৈঠকে হাজী মোঃ হোসেন ঢালী বলেন, “আমি অবহেলিত ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গঠন করাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবক হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”
বৈঠকে উপস্থিত স্থানীয় ভোটাররা হাজী মোঃ হোসেন ঢালী’র এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং আসন্ন নির্বাচনে তার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। স্থানীয়রা জানান, হাজী মোঃ হোসেন ঢালী একজন যোগ্য এবং সমাজসেবক মানুষ। তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবে এই উঠান বৈঠক এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।