
সিরাজদিখানে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৯ জন আহত, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইটবোঝাই ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম ইছাপুরা গ্রামের আনাম কোল্ড স্টোরের সামনে শ্রীনগর-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী এক স্বজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে টঙ্গীবাড়ী উপজেলার সোয়াপাড়া এলাকায় ফিরছিল একটি মাইক্রোবাস। পথে আনাম কোল্ড স্টোরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত রহিম শেখ ও সূচনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্য আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন রহিম শেখ, সূচনা, রাসেল, রবিন শেখ (২৮), রোকসানা (২২), তানহা (১৫), পিংকি (১৪), নুসরাত (৩০) এবং মো. আলী (৬০)। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ইটবোঝাই ট্রাকটির অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।