
সিরাজদিখানে অবৈধ বালু ভরাটে মোবাইল কোর্ট: পাইপ ধ্বংস, একজনের ১০ দিনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর এলাকার নাইশিং এলাকায় অবৈধভাবে বালু ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু ভরাটের কাজে ব্যবহৃত লোহার পাইপ বিনষ্ট করা হয় এবং অনুমোদন ছাড়াই বালু ভরাটের দায়ে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু ভরাটের কাজে ব্যবহৃত লোহার পাইপগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে অনুমোদনবিহীনভাবে বালু ভরাটের অপরাধে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।