
সিরাজদিখানে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ সামসুন্নাহার বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) হাসনাইন আহম্মেদ। এ সময় সঙ্গীয় ফোর্সসহ পশ্চিম রাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে সামসুন্নাহার বেগমের বসতঘরের সামনের উঠান থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সামসুন্নাহার বেগম পশ্চিম রাজদিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিধি মোতাবেক তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।