
সিরাজদিখানে ১২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল দেওয়ান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটের দিকে সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের পশ্চিম পাউসার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন-এর তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই (নিঃ) আক্কাস আলী শেখ ও সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে পশ্চিম পাউসার এলাকার একটি টিনের ছাপড়া বসতঘরের দক্ষিণ পাশের কক্ষ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল দেওয়ান পশ্চিম পাউসার এলাকার নাসির দেওয়ানের ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।