
সিরাজদিখানে ২০ পুরিয়া হেরোইনসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার বালুরচর ইউনিয়নের বালুরচর বাজারের উত্তর পাশে একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টঙ্গীবাড়ী উপজেলার আমতলী দেওয়ান বাড়ী এলাকার মিন্টু দেওয়ানের ছেলে মো. ইউসুফ দেওয়ান (২৬) এবং সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি এলাকার গোল মোহাম্মদের ছেলে মো. রাজিব হোসেন বাঘা (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সিরাজদিখান থানার এসআই (নিঃ) রুবেল শিকদার ও সঙ্গীয় পুলিশ সদস্যরা বালুরচর বাজারের উত্তর পাশে রাজিব হোসেন বাঘার বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় ২০ পুরিয়া হেরোইনসহ ইউসুফ দেওয়ান ও রাজিব হোসেন বাঘাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।