
সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সঞ্জিত দাস (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মিয়া। এ সময় তালতলা বাজারের সততা লন্ড্রী অ্যান্ড কনফেকশনারি দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে সঞ্জিত দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সঞ্জিত দাস সিরাজদিখান উপজেলার ফেগুনাসার গ্রামের জানকিনাথ দাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।