
শেখরনগরে মাদকবিরোধী অভিযান, ৫ মাদকসেবী গ্রেপ্তার
মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজা
নিজস্ব প্রতিবেদক:
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে রাজানগর ইউনিয়ন এলাকা থেকে পাঁচজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) সিরাজদিখান থানাধীন রাজানগর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জের তদারকিতে সঙ্গীয় পুলিশ কর্মকর্তা ও ফোর্স এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে পাঁচজন মাদকসেবীকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবারকে ঠেলে দেয় অনিশ্চয়তা ও দুর্ভোগের দিকে। এর প্রভাব পড়ে সমাজের শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগও জরুরি।
এ ধরনের অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা সবার।