
শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. আক্কাস আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় এবং শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জের তত্ত্বাবধানে শেখরনগর ইউনিয়নের শেখরনগর বাজারে মো. নাজির হোসেনের ইলেকট্রনিকস দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৬০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার মো. বুলু মিজি (৫১), শরীয়তপুরের পালং থানার বড়াইল এলাকার খলিল কাজী (৪৩), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সফুরাকান্দি এলাকার মো. মনির (৪৫), মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার খালপাড় এলাকার মো. কাওসার (৪৫), ময়মনসিংহের তারাগঞ্জ থানার সানুরা এলাকার মো. আবু সাঈদ (৪২), ময়মনসিংহ কোতোয়ালি থানার ব্রাহ্মণপল্লী এলাকার মো. সুমন মিয়া (৩৮) এবং মুন্সীগঞ্জের গজারিয়া থানার আনারপুরা এলাকার মো. সুমন (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।