
বড় শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উষান সরকারের সাফল্যে আনন্দের জোয়ার
আমিনুল ইসলাম লিপু, সিরাজদীখান (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বড় শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উষান সরকার বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার এবং এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।
উষান সরকার উত্তম সরকার ও চন্দনাথ সরকার-এর দ্বিতীয় সন্তান এবং দেব দাস সরকার-এর আদরের নাতি। তার এই অসাধারণ অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা উষানের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, উষান ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ। তার অধ্যবসায়, পরিবারের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই আজকের এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে।
উষানের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি বড় শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যও একটি গর্বের অধ্যায়। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা ও উৎসাহের সঞ্চার হয়েছে।
পরিবারের সদস্যরা সকলের কাছে উষানের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন, যাতে সে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে সাফল্যের শিখরে পৌঁছে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।