
ভোরের আগুনে ছাই দুই মুদি দোকান, সিরাজদিখানে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভোরের নীরবতা ভেঙে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে বহু বছরের কষ্টে গড়ে তোলা দুই ব্যবসায়ীর জীবিকার অবলম্বন। এতে প্রাথমিকভাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের নিরলস প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শেষে সকাল সাড়ে ৬টার দিকে ইউনিটগুলো স্টেশনে ফিরে যায়।
অগ্নিকাণ্ডে সুবল রায়ের ‘সুবল স্টোর’ এবং অবিরাম রায়ের ‘অবিরাম স্টোর’ নামে দুটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। দোকানে থাকা বিপুল পরিমাণ মুদি মালামাল, এলপি গ্যাস সিলিন্ডার এবং টিনের চালা আগুনে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী তাদের বহু বছরের সঞ্চয় ও পরিশ্রমের বড় অংশ হারিয়েছেন।
ঘটনার সময় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার-এর নেতৃত্বে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
স্থানীয়দের আশা, ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর পাশে সরকার, স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন, যাতে তারা আবারও ঘুরে দাঁড়িয়ে নতুন করে তাদের ব্যবসা শুরু করতে পারেন।