
সিরাজদিখানে ১২৬ বীর মুক্তিযোদ্ধার হাতে চিকিৎসা ভাতা, রাষ্ট্রের কৃতজ্ঞতার সম্মাননা তুলে দিলেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা এনে দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১২৬ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে চিকিৎসা ভাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত এক স্নিগ্ধ ও আবেগঘন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার হাতে ৫ হাজার টাকা করে চিকিৎসা ভাতার অর্থ তুলে দেন। এ সময় মোট ১২৬ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে এ ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুম্পা ঘোষ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁদের অবদান কখনোই শোধ হওয়ার নয়। সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে চিকিৎসা ভাতা প্রদান করা হচ্ছে, যা তাঁদের প্রতি রাষ্ট্রের গভীর শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধারা সরকারের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এই ধরনের সহায়তা শুধু আর্থিক সহযোগিতাই নয়, বরং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রের আন্তরিক ভালোবাসা ও সম্মানের প্রতীক।